Navigation

কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা বড় পাপ : মির্জা আব্বাস


 বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা অত্যন্ত বড় পাপ। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "মুরুব্বিরা শিক্ষা দেয় মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলবেন না। একটি লোকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা আরও বড় অপরাধ। এই পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন।"

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রমনা থানা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

নির্বাচনী কারচুপির অভিযোগ

ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলেন, "আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেত না। ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডে আপনার কোনো আত্মীয় আছে যে আপনাকে ভোট দিয়েছে? আমি নাম ধরে বলে দিতে পারব কারা আমাকে ভোট দিয়েছে। আপনারা কসম খেয়ে বলুন—এত ভোট কি সিল মেরে নিয়েছেন নাকি আকাশ থেকে এসেছে?"

তিনি অভিযোগ করেন, নির্বাচনে অদ্ভুত কায়দায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। মির্জা আব্বাস বলেন, "আমরা রাতে কয়েকটি স্কুলে কেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। না হলে আপনারা সব কেন্দ্র সিল মেরে নিয়ে যেতেন। এখন সেই কারচুপির দায় উল্টো বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছেন।"

‘ভোটের অভাব আমার নেই’

নির্বাচনে হারার কোনো ইতিহাস তার নেই উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, "আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়নি, তা দেশবাসী জানে। এই এলাকায় আমার বন্ধু-বান্ধব ও অগণিত আত্মীয়-স্বজন আছে, তাই আমার ভোটের অভাব নেই। আমার প্রশ্ন হলো—ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে আপনারা এত ভোট কীভাবে পেলেন? আমি প্রমাণ করতে পারব যে আপনারা কারচুপি করেছেন।"

রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে মহানগর ও স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share
Banner

NewsNow.BD

Post A Comment:

0 comments: