নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে এক সৌদি প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। গতকাল বৃহস্পতিবার সকালে ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাছেদ মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী। স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি আউখাব এলাকায় জমি কিনে ভবন নির্মাণ করছিলেন। প্রবাসীর স্ত্রী সাদিয়া আফরিন অভিযোগ করে বলেন, মাসুদুর রহমান মাসুদ ও তাঁর দুই ভাই সাদিকুল ইসলাম এবং মাসুম আহমেদ দীর্ঘ দিন ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বিকেলে মাসুদ ও তাঁর সহযোগীরা ভবনে হামলা চালায় এবং নির্মাণকাজে ব্যবহৃত রডসহ বিভিন্ন সামগ্রী অটোরিকশায় তুলে নিয়ে যায়।
সাদিয়া আফরিন আরও জানান, মালামাল লুটে বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে প্রবাসীর পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ। তিনি বলেন, "আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমার রাজনৈতিক সুনাম নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।" তাঁর ভাইয়েরাও একই দাবি করেছেন।
স্থানীয়রা জানান, এলাকায় নির্মাণকাজ ও জমি কেনাবেচাকে কেন্দ্র করে চাঁদা দাবির ঘটনা নতুন নয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, মৌখিকভাবে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধে পূর্বেও সাংবাদিকের ওপর হামলাসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে।


Post A Comment:
0 comments: