Navigation

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে বিশাল বিস্ফোরণ


 যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি বিশাল তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবারের এই বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, তাৎক্ষণিকভাবে শোধনাগার সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ।

বিস্ফোরণটি ঘটেছে মার্কিন তেল-গ্যাস বিপণনকারী প্রতিষ্ঠান 'ভালেরো' (Valero)-এর মালিকানাধীন শোধনাগারে। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং শকওয়েভের ধাক্কায় আশপাশের অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে শোধনাগার থেকে কয়েকশ ফুট উঁচুতে আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

ঘটনার পরপরই পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি বিভাগ এক বিবৃতিতে জানায়, ভালেরো তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এর আশপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে। জননিরাপত্তার স্বার্থে এই নির্দেশ কার্যকর করা হয়েছে।

অন্যদিকে, ভালেরো কোম্পানি কর্তৃপক্ষ এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের সময় শোধনাগারে থাকা ৮০০ জন কর্মীর সবার সন্ধান পাওয়া গেছে। তারা দাবি করেছে, কোনো কর্মী নিখোঁজ নেই এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

টেক্সাসের হিউস্টন থেকে ৯০ মাইল পূর্বে অবস্থিত এই শোধনাগারটি প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রাখে। এখান থেকে বিপুল পরিমাণ গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েল উৎপাদিত হয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share
Banner
Next
This is the most recent post.
Previous
Older Post

NewsNow.BD

Post A Comment:

0 comments: