শত্রুর আক্রমণ নয়, বরং অভ্যন্তরীণ অগ্নিকাণ্ড আর প্রকট যান্ত্রিক বিভ্রাটে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সবচাইতে অত্যাধুনিক ও বিশালাকৃতির বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। ১ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের এই দানবীয় জাহাজে গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে বলে এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, রণতরিটির লন্ড্রি অংশে লাগা ভয়াবহ আগুনের ধোঁয়ায় বেশ কয়েকজন নৌসেনা অসুস্থ হয়ে পড়েছেন। মার্কিন নৌবাহিনী দুইজন আহত হওয়ার খবর নিশ্চিত করলেও বাস্তব পরিস্থিতি বেশ জটিল। আগুনের তীব্রতায় অন্তত ৬০০ নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন, যাদের এখন জাহাজের মেঝে কিংবা টেবিলের ওপর রাত কাটাতে হচ্ছে। এছাড়া লন্ড্রি পুড়ে যাওয়ায় কয়েক হাজার ক্রুর কাপড় ধোয়াও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বিস্ময়কর হলেও সত্য, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই রণতরিতে কয়েক বছর ধরেই টয়লেট সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এনপিআরের তথ্যমতে, বিশালাকৃতির এই জাহাজের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। টানা ১০ মাস ধরে সাগরে অবস্থান করা ৪ হাজার ৫০০ ক্রুর দৈনন্দিন জীবনযাত্রা এখন চরম অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে।
১ লাখ টন ওজনের এই দানবীয় রণতরিটি বর্তমানে লোহিত সাগরে মোতায়েন রয়েছে। যদি আগামী এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এটি সাগরে অবস্থান করে, তবে তা হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন রণতরির দীর্ঘতম মোতায়েন। যান্ত্রিক সমস্যা আর অগ্নিকাণ্ডের ধকল সত্ত্বেও মার্কিন নৌবাহিনী দাবি করেছে, তাদের সামরিক কার্যক্ষমতায় কোনো ব্যাঘাত ঘটেনি।


Post A Comment:
0 comments: